মিশকালো অন্ধকার গলিপথে
বিদ্যুতবেগে সাইকেলের চাকা ছুটে গেলে
ঠিক সাইকেলের চাকার দাগের
পাশেই অতি ধীরে ,
প্রায় নিঃশব্দে থিতিয়ে
পড়ে
কালো রেশম ।
যে কোনও যাত্রা মানেই তো
বুনন ;
অস্তিত্বের সঙ্গে
অভিজ্ঞতার , অতি নিবিড় ভাবে ।
গতিময়তার ঠিক পাশাপাশি থেকে যায় ,
বা হয়তো কিছুটা পিছিয়েই ,
লাজবাব , বিপরীতধর্মী এই গতিহীনতা , নিরুদ্বেগ অধঃক্ষেপ ।
নির্যাস রেশম একরঙা নয়,
হয়তো পুরোটাই কালো নয় ।
কোনও একটি ক্ষণজন্মা
তন্তু কোনও এক মাহেন্দ্রক্ষণে নিশ্চিত পেয়েছিল নখাগ্র চন্দ্রালোক ;
আলো-পাওয়াদের কয়েকটি তাই
উজ্জ্বল সাদা ।
খান কয়েক তন্তু তাদের
অগ্রভাগে যতসামান্য আলো তুলে নিয়েই গুলে দিয়েছিল অন্ধকারে ,
চেখে দেখতে চেয়েছিল
অ্যাডভেঞ্চার ;
তারা সাহসী , কমপ্লেক্স ।
কমপ্লেক্সিটির রঙ ধূসর ।
কর্মকাণ্ড এগিয়েছে ,
অন্ধকার গলি আরও অন্ধকার
হয়ে তারপর ধীরে ধীরে ফরসা ।
যেমনটা হবার ছিল , নিয়ম মেনেই ।
আরও খানিক প্রৌঢ়ত্বে ঢলে পড়ল চিরযুবকের নামভূমিকার কপট
অভিনেতা -
সময় ।।
No comments:
Post a Comment